আরব সাগরে পরমাণু সাবমেরিন মোতায়েন করল যুক্তরাজ্য

আরব সাগর, ২২ মার্চ – আরব সাগরে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ পরমাণুশক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ ও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই ঘটনার ঠিক পরপরই পারমাণবিক সাবমেরিন মোতায়েনের খবর প্রকাশ্যে এল। জানা গেছে ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস অ্যানসন নামের এই সাবমেরিনটি আরব সাগরে অবস্থান করছে।
এতে টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াও শক্তিশালী টর্পেডো রয়েছে। ইরানের মিনাব শহরে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটিও ছিল টমাহক যার বিধ্বংসী ক্ষমতা বিশ্ববাসী আগেই দেখেছে। এবার সেই শক্তিশালী অস্ত্র নিয়েই আরব সাগরে উপস্থিত হলো ব্রিটিশ নৌযান। রয়টার্স জানিয়েছে এই তথ্য তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই সাবমেরিনটিকে সেখানে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংঘাত আরও তীব্র হলে এই অবস্থান থেকে দূরপাল্লার যেকোনো লক্ষ্যবস্তুতে সহজে আক্রমণ চালানো সম্ভব হবে। মূলত এই কৌশলগত সুবিধা আদায়ের জন্যই সাবমেরিনটি পাঠানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার পার্থ উপকূল থেকে এইচএমএস অ্যানসন আরব সাগরের দিকে রওনা দেয়। প্রায় আট হাজার আটশো কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে এটি বর্তমান অবস্থানে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২২ মার্চ ২০২৬









