বান্দরবান

বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ি খাদে পড়ে আহত ২০

বান্দরবান, ২২ মার্চ – বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছেন। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান ঢাকা থেকে ৪৩ জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস বান্দরবানের উদ্দেশ্যে আসছিল। ভোরের দিকে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত ২০ জনের মধ্যে বাসের সুপারভাইজারসহ পাঁচজনের অবস্থা বেশ গুরুতর। বর্তমানে সদর হাসপাতালে তাদের নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language