আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা, পেসারদের চোটে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স

কলকাতা, ২২ মার্চ – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২৬ আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ২৮ মার্চ শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটির পেস বোলিং বিভাগে দেখা দিয়েছে চরম সংকট। দলের মালিক শাহরুখ খান এবং কোচ অভিষেক নায়ার বর্তমানে বোলিং লাইনআপ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর থেকেই যেন দুর্ভাগ্য দলটির পিছু ছাড়ছে না। চোটের কারণে একের পর এক গুরুত্বপূর্ণ পেসার ছিটকে যাচ্ছেন। শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা এখনও পায়ের পেশির ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।
ধারণা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে তাকে মাঠে পাওয়া যাবে না। ভারতীয় পেসার আকাশ দীপকে নিয়ে এসেছে আরও বড় দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে পুরো আসর থেকেই তিনি ছিটকে গেছেন এবং মাঠে ফিরতে তার অন্তত তিন মাস সময় লাগবে। অন্যদিকে হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসরের বড় একটি অংশে খেলতে পারবেন না হার্ষিত রানা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। এসব চোটের কারণে কলকাতার বোলিং আক্রমণে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এমনকি রেকর্ড মূল্যে দলে ভেড়ানো অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বোলিং নিয়েও শঙ্কা রয়েছে।
তিনি ইনজুরি কাটিয়ে ফিরলেও পুরো চার ওভার বল করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে যুক্ত করেছে কলকাতা। এছাড়া স্কোয়াডে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা রয়েছেন। অভিজ্ঞদের অনুপস্থিতিতে এখন এই তরুণ পেসারদের ওপরই বড় দায়িত্ব বর্তাবে। পরিস্থিতি সামাল দিতে কেকেআর ম্যানেজমেন্ট নতুন কোনো পেসার দলে যুক্ত করার চিন্তাভাবনা করছে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স।
এস এম/ ২২ মার্চ ২০২৬









