কুমিল্লা

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ মেইল ট্রেনটি পদুয়ার বাজার ক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।

সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ট্রেনের যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান, দুর্ঘটনার পর জরুরি হেল্পলাইন ট্রিপল নাইনে একাধিকবার ফোন করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনে উঠে পড়েছিল। এদিকে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, উদ্ধারকাজের জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনা হচ্ছে। ঈদের কারণে অন্যান্য ট্রেনের সময়সূচিতে খুব বেশি প্রভাব পড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানিয়েছেন, হাসপাতালে এ পর্যন্ত ১২ জনের মরদেহ আনা হয়েছে, যার মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language