কুমিল্লায় বাস-ট্রেন ভয়াবহ সংঘর্ষ, নারী ও শিশুসহ নিহত ১২

কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী এবং তিনজন শিশু রয়েছে। ঈদের দিন শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে আটকে প্রায় এক কিলোমিটার দূরে কচুয়া চৌমুহনী এলাকায় নিয়ে গিয়ে থামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনটি পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করছিল।
ওই সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাওয়া মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা এবং ট্রেনের যাত্রীরা অভিযোগ করেছেন, রেলগেটে দায়িত্বরত সিগন্যালম্যানের চরম অবহেলার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান, দুর্ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্রসিংয়ে কোনো সিগন্যাল না থাকায় বাসটি সরাসরি রেললাইনে উঠে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত তিনটার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক নিশ্চিত করেছেন যে তারা ১২ জনের মরদেহ পেয়েছেন। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দশজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
এস এম/ ২২ মার্চ ২০২৬









