ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে আহত ৪ হাজার ছাড়াল

তেল আবিব, ২২ মার্চ – ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের জেরে এখন পর্যন্ত অন্তত চার হাজার দুই শ বিরানব্বই জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে এই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন এবং এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে এসে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে।
ডিমোনা শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয় এই স্থাপনায় ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তারা অবগত থাকলেও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
এস এম/ ২২ মার্চ ২০২৬









