হাদি হত্যা: কলকাতায় ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর

কলকাতা, ২১ মার্চ – বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার হওয়া ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত। এই সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করার আইনি সুযোগ পাবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ। আগামী ৩ এপ্রিল তাকে পুনরায় আদালতে হাজির করা হবে।
শনিবার ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে নেওয়ার আগে স্থানীয় একটি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স থানার লকআপে রাখা হয় এবং সেখান থেকে কড়া পাহারায় দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে হাজির করা হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।
ফিলিপের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো তিনি ওসমান হাদি হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন। অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করতে সাহায্য করেন তিনি।
এর আগে গোপন তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেফতার করে এসটিএফ। বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে তাকে প্রথমে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাকে ফের আদালতে তোলা হয়।
অন্যদিকে ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ এসটিএফ। গত ৮ মার্চ স্থানীয় আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায় ওই দুই ব্যক্তি মেঘালয় থেকে বনগাঁ হয়ে অবৈধভাবে পুনরায় বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল।
উল্লেখ্য ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনএন/ ২১ মার্চ ২০২৬









