জাতীয়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ঢাকা, ২০ মার্চ – দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার এক বাণীতে নিজের এবং দলের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদ সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

দেশবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে তিনি জানান, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে এবং কথা বলতে পারবে। সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের নাগরিকরা নিজেদের জানমাল ও ইজ্জত আব্রুর পূর্ণ নিরাপত্তা পাবে এমন আশা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

বাণীতে তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহার কথা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা দেশের জনগণ মেনে নেবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান। এছাড়া জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান মিরপুরের মনিপুরে ঈদের নামাজ আদায় করবেন। মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় ঈদের জামাতে অংশ নেবেন তিনি। নামাজের পর সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর বেলা ১১টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে কূটনীতিকদের সঙ্গে এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language