দেশবাসী ও বিশ্ব মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি

ঢাকা, ২০ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে এবং বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি ও বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এই মোবারকবাদ জ্ঞাপন করেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঈদের অনাবিল আনন্দে সকলের জীবন ভরে উঠুক এবং সবার ঘরে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক। তিনি বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
রাষ্ট্রপতি তার বার্তায় উল্লেখ করেন, অনেক ত্যাগের বিনিময়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষা সবার মনে নতুন উদ্যম ও অনুপ্রেরণা সৃষ্টি করবে। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
ঈদুল ফিতরকে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এক মাস রোজা রাখার মাধ্যমে মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করেন। ঈদের দিন ধনী ও গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক এই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে, তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
এনএন/ ২০ মার্চ ২০২৬









