দেশের আকাশে শাওয়ালের চাঁদ, শনিবার উদযাপিত হবে ঈদুল ফিতর

ঢাকা, ২০ মার্চ – দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।
এবারের ঈদ ঘিরে বিশ্বজুড়ে এক ভিন্নরকম সমীকরণ তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে শনিবারের ঈদ নিয়ে দেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিল।
এদিকে গত বৃহস্পতিবারই আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদযাপিত হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের মতো বেশ কিছু দেশ আগেই শনিবার ঈদের দিনক্ষণ ঘোষণা করে।
ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদের এই ভিন্ন ভিন্ন সময়সূচি এবারের উৎসবকে এক বিশেষ মাত্রা প্রদান করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং ঢাকার জাতীয় ঈদগাহসহ দেশের প্রতিটি অঞ্চলে এখন কেবল ঈদের জামাতের অপেক্ষা।
এনএন/ ২০ মার্চ ২০২৬









