খুলনা

ঈদযাত্রায় লঞ্চযাত্রীদের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, নোঙ্গর করার পরামর্শ

দক্ষিণাঞ্চল, ২০ মার্চ – পবিত্র ঈদ উপলক্ষে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রীদের জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী নৌযানগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সতর্কতার কথা জানিয়েছেন।

তিনি জানান এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীতে এই মুহূর্তে যে সকল নৌযান বা লঞ্চ চলাচল করছে সেগুলো প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে।

সম্ভাব্য নৌ দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে দ্রুত এসব নৌযানকে বিকেল ৫টা পর্যন্ত নিরাপদ স্থানে নোঙ্গর করে রাখার পরামর্শ দিয়েছেন এই গবেষক।

মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন কালবৈশাখী ঝড় সাধারণত স্বল্পস্থায়ী হলেও এটি অত্যন্ত উচ্চঝুঁকিপূর্ণ একটি আবহাওয়া পরিস্থিতি। তাই নৌপথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

এ এম/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language