মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ইরানের মিসাইল হামলা, ব্যাপক অগ্নিকাণ্ড

তেল আবিব, ২০ মার্চ – দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার চালানো এই হামলার ফলে ওই পরিশোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, এই ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, তেল শোধনাগারে হামলা হলেও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জ্বালানিমন্ত্রীর ভাষ্যমতে, ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে এবং বাকি অঞ্চলগুলোতেও দ্রুত পরিস্থিতি ঠিক করা হবে।

মূলত গত বুধবার ইরান এবং বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েল হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবেই ইরান মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই আক্রমণ শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, হাইফার তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language