জাতীয়

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুমাতুল বিদা

ঢাকা, ২০ মার্চ – আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার তথা জুমাতুল বিদা। দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। মুসলিম উম্মাহর কাছে রমজানের শেষ জুমার দিনটি জুমাতুল বিদা হিসেবে বিশেষভাবে পরিচিত। আজকের এই দিনটি পার হওয়ার মধ্য দিয়েই বিদায় নেবে ১৪৪৭ হিজরি সনের রহমত ও বরকতে পরিপূর্ণ মাহে রমজান।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা বিপুল উৎসাহে জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার নামাজ আদায়ের পূর্বে মসজিদের খতিব ও আলেমগণ জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন। জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, অগ্রগতি এবং গোটা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এই দিনে মুসল্লিরা পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন।

জুমাতুল বিদার সবচেয়ে বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

মুমিন মুসলমানদের কাছে সারা বছরের মধ্যে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জুমাতুল বিদা পালনের মাধ্যমে মূলত পবিত্র রোজাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। শুক্রবার রমজান মাসের ত্রিশ দিন পূর্ণ হচ্ছে এবং এর পরের দিন শনিবার সারাদেশে একযোগে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language