ঈদের দিন দেশের আট বিভাগেই কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১৯ মার্চ – আগামী শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন দেশের আট বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হচ্ছে তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সব কটি বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত চব্বিশ ঘণ্টায় ঢাকা বিভাগে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি ছিল। এ সময় আরিচায় সর্বোচ্চ ৫৮ মিলিমিটার এবং ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









