সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপন

চাঁদপুর, ১৯ মার্চ – সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের অন্তত অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে অনুসারীদের দাবি মূলত বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই তারা রোজা ও ঈদ পালন করে থাকেন। সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী।
স্থানীয়রা জানান পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর এবং বাসারা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুরেও ঈদ পালিত হচ্ছে। পাশাপাশি মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানীসহ কচুয়া এবং শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষও এই রীতি মেনে চলেন।
স্থানীয় সূত্র মতে কোরআন ও হাদিসের আলোকে ১৯২৮ সাল থেকে প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামের সকল ধর্মীয় রীতিনীতির প্রচলন শুরু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। মাওলানা ইসহাকের মৃত্যুর পর তার ছয় ছেলে এই মতবাদের প্রচার চালিয়ে আসছেন।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









