জাতীয়

জনপ্রিয়তার কারণেই দলের ভেতরে টার্গেট হয়েছিলাম: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ মার্চ – ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, দলের শীর্ষ নেতাদের চেয়ে তার জনপ্রিয়তা বেশি হওয়াই বিএনপি থেকে তার বহিষ্কারের অন্যতম কারণ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দল থেকে নিজের বহিষ্কারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। টকশোতে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতা ও কারাবাসের কারণে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পর থেকেই দলের ভেতরে একটি অংশের তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়। তিনি অভিযোগ করেন, যারা তার ওপর নাখোশ ছিলেন তারা মূলত তাকে হিংসা করতেন।

পদধারী বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয় হওয়ায় তিনি সহজেই টার্গেটে পরিণত হন। বহিষ্কারের পর মানসিকভাবে নিজেকে অনেকটা হালকা অনুভব করছেন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে সমর্থন করার যে প্রবল চাপ ছিল, তা থেকে তিনি মুক্তি পেয়েছেন। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকদের প্রশ্নের মুখে এই চাপ সামলানো মোটেও সহজ ছিল না বলে তিনি জানান। এছাড়া তিনি আরও অভিযোগ করেন যে, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয় বরং দলের ভেতরের একটি অংশও তাকে নানাভাবে হেনস্তা করেছে।

শীর্ষ নেতাদের খুশি করার জন্য দলের ভেতরের কিছু অনলাইন গ্রুপ তাকে তাচ্ছিল্য ও অপমান করত বলেও তিনি দাবি করেন। দল থেকে বেরিয়ে এই ধরনের হেনস্তা থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে মন্তব্য করেন। উল্লেখ্য, সূত্র মতে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দলের স্থায়ী কমিটির সভায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language