খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনা, ১৯ মার্চ – খুলনা নগরীর একটি আবাসিক এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে।
গুলিতে আহত চারজন হলেন কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাঁদের মধ্যে রঞ্জুয়ারা এবং ফাহিমার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের বাকি আহত সদস্যরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাবন্দি হন রাশিদুল এবং সেখানে একই ধরনের মামলায় বন্দি ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশিদুলের যাতায়াত শুরু হয় এবং আনুমানিক ছয় থেকে সাত মাস আগে ইমরান পুনরায় কারাবন্দি হলে রাশিদুল তাঁর স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। পুলিশের ধারণা এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এই সশস্ত্র হামলা চালানো হয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিক তদন্ত অনুযায়ী এই হামলায় পাঁচ থেকে ছয়জন অংশ নিয়েছিল এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল এরই মধ্যে অভিযান শুরু করেছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









