সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৫ গ্রামে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি

বরগুনা, ১৯ মার্চ – প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা জেলার অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, আগামীকাল শুক্রবার এসব এলাকার নির্দিষ্ট ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে প্রধান ঈদের জামাতগুলোর আয়োজন করা হয়েছে।
এছাড়া বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা ও লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ ও বকুলতলা, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের প্রস্তুতি চলছে। এসব এলাকার সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা মূলত সৌদি আরবে রমজানের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে একই দিনে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।
এস এম/ ১৯ মার্চ ২০২৬









