জাতীয়

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ১৯ মার্চ – ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীসেবা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি জানান, ছোট নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার বিষয়টি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এই সিদ্ধান্তে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি স্পষ্ট করেন।

প্রতিমন্ত্রী বলেন, মাঝপথে নৌকা থেকে লঞ্চে ওঠার প্রবণতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এটি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সাধারণ যাত্রীদের জীবনের নিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে নদী পারাপারের ব্যবস্থায় পরিবর্তন এনে ঘাট থেকে দূরে একটি স্থায়ী পদ্ধতি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান রাজিব আহসান।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের সুবিধার্থে সরকার ইতোমধ্যে লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমিয়েছে এবং তা কার্যকর রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিন মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কেউ অতিরিক্ত ভাড়ার অভিযোগ করলে তার যথাযথ প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language