মধ্যপ্রাচ্য

ইরানে যুদ্ধসংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪১

তেহরান, ১৯ মার্চ – ইরানে যুদ্ধসংক্রান্ত ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই অভিযানের অংশ হিসেবে দেশটির উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশে অন্তত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চলমান যুদ্ধের ভিডিও ফুটেজ বিভিন্ন শত্রুভাবাপন্ন নেটওয়ার্কে পাঠানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আলবোরজ প্রদেশের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো সংবেদনশীল তথ্য আদানপ্রদান কঠোর হাতে দমন করা হবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানি কর্তৃপক্ষ দেশের ভেতরে এবং বাইরে বসবাসরত নিজেদের নাগরিকদের বারবার সতর্ক বার্তা দিয়ে আসছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যেই তেহরান এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

এ এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language