ইরানি নেতা লারিজানি হত্যার তীব্র নিন্দা জানাল চীন

বেইজিং, ১৯ মার্চ – ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বৃহস্পতিবার বেইজিং এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।
ইরান চীনের ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে তেহরানের চালানো হামলার সমালোচনাও করেছে বেইজিং। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও অন্যান্য শীর্ষ নেতা নিহত হন।
এরপর আলী লারিজানি ছিলেন নিহত হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ইরানি নেতা। লারিজানির মৃত্যু প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একটি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সম্পর্কে চীন সব সময় শক্তি প্রয়োগের বিরোধিতা করে। কোনো দেশের রাষ্ট্রনেতাকে হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা অত্যন্ত অগ্রহণযোগ্য।
লিন জিয়ান সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সংযম প্রদর্শনের আহ্বান জানান। এই চলমান সংঘাতে বেইজিং মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চলতি মাসে মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের বিশেষ দূত ঝাই জুন ওই অঞ্চলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। লিন জিয়ান আরও জানান, ঝাই জুন তার সফরকালে স্পষ্টভাবে জোর দিয়েছেন যে বেসামরিক লক্ষ্যবস্তুতে কোনো অবস্থাতেই হামলা করা উচিত নয় এবং নৌপথের নিরাপত্তাও বিঘ্নিত করা ঠিক নয়।
এর পাশাপাশি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তারা ইরান, লেবানন, জর্দান এবং ইরাকের জন্য মানবিক সহায়তা প্রদান করবে।
এ এম/ ১৯ মার্চ ২০২৬









