জাতীয়

পোশাকশিল্প এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা

ঢাকা, ১৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে শিল্পঘন এলাকাগুলোতে আজ বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী, তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আজ নির্ধারিত সময়ে খোলা থাকবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করবে।

ব্যাংকের লেনদেনের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি মোতাবেক অতিরিক্ত ভাতা পাবেন।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি নির্বাহী আদেশে গতকাল বুধবার থেকে ছুটি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঈদের নির্ধারিত সাধারণ ছুটি। সাধারণ ছুটির সময় ব্যাংক বন্ধ থাকা স্বাভাবিক নিয়ম হলেও পোশাক শ্রমিকদের স্বার্থে এবং শিল্পের চাকা সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language