কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১০, মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লা, ১৯ মার্চ – ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একুশে এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের তথ্যমতে, বুধবার সন্ধ্যার পর থেকে ওই অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ টানা বৃষ্টি হওয়ার কারণে সড়ক ভেজা ছিল। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী বাসটি সৈয়দপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে। এর ফলে মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে রাত সাড়ে ১২টার দিকে রেকার দিয়ে বাসটি উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়নামতি ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন জানান, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









