মধ্যপ্রাচ্য

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে

রিয়াদ, ১৮ মার্চ – ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটিতে ৩০টি রোজা পূর্ণ হবে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। দেশের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় তারা এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি এবং অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ঘোষণা করেছিল।সৌদি শ্রম আইন অনুযায়ী ১৮ মার্চ বুধবার রাত থেকে এই ছুটি শুরু হচ্ছে এবং তা পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানিয়েছিলেন যে ছুটির এই ঘোষণা আগেই পরিষ্কার করা হয়েছে যাতে প্রতিষ্ঠানগুলো তাদের সময়সূচি গুছিয়ে নিতে পারে। এর ফলে জরুরি খাতের কার্যক্রম সচল রেখেও কর্মীরা ঈদের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language