বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজ ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ১৮ মার্চ – ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ পুনরায় সচল করা এবং যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। নিজের সাবেক নির্বাচনি এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি ওই আসনটি ছেড়ে দেন।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









