আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

বগুড়া, ১৮ মার্চ – বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং সৈয়দপুর থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর দুইটার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চৌদ্দটি বগির মধ্যে নয়টি লাইনচ্যুত হয় এবং অন্তত দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে প্রায় ষাট জনকে নওগাঁ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
স্থানীয়দের মতে গত পনেরো থেকে বিশ দিন ধরে ওই এলাকায় রেললাইন সংস্কারের কাজ চলছিল। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লাল পতাকা টাঙানো থাকলেও ট্রেনটির চালক দ্রুতগতিতে এগিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









