মারাঠা মন্দিরে ডিডিএলজে-এর ৩০ বছরের রেকর্ড ভাঙছে রণবীরের ‘ধুরন্ধর টু’

মুম্বাই, ১৮ মার্চ – মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মারাঠা মন্দিরের দীর্ঘ ৩০ বছরের একচ্ছত্র রেকর্ড এবার ভাঙতে চলেছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’।
গত তিন দশক ধরে মারাঠা মন্দিরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বা ডিডিএলজে প্রদর্শিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিনের এই ঐতিহ্যে এবার ছেদ টানছে রণবীর সিংয়ের নতুন এই অ্যাকশন থ্রিলার। ডিডিএলজে সিনেমার সেই চিরচেনা শো টাইমটি এবার বদলে গিয়ে সেখানে জায়গা করে নিচ্ছে ‘ধুরন্ধর টু’।
শুধু মারাঠা মন্দিরেই নয়, মুম্বাই এবং থানেসহ ভারতের বিভিন্ন শহরে দর্শকদের ব্যাপক চাহিদার কারণে মধ্যরাতেও সিনেমাটির শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। দর্শকদের এই বিপুল চাপ সামলাতে প্রয়োজনে ২৪ ঘণ্টা সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেলে ‘হামজা আলি’ চরিত্রে রণবীরের বলা সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনেমাটির টিকিট কাউন্টারে এখন দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন থ্রিলার ছবিটির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব অনুযায়ী ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালমসহ মোট পাঁচটি ভাষায় ভারতজুড়ে একযোগে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’ সিনেমাটি।
এ এম/ ১৮ মার্চ ২০২৬









