এশিয়া

যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঈদ শুভেচ্ছা বিনিময় স্থগিত

কুয়েত সিটি, ১৮ মার্চ – কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউসে’ প্রতি বছর অনুষ্ঠিত হওয়া ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি এ বছর স্থগিত ঘোষণা করা হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকারের আরোপিত কঠোর নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার, ১৮ মার্চ কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এবং দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের দিন বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

তবে বর্তমানে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কুয়েত সরকার আসন্ন ঈদের ছুটিতে সকল প্রকার নাট্যানুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠান এবং যেকোনো ধরনের জনসমাগমমূলক আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

উদ্ভূত এই পরিস্থিতির কারণে এ বছর ‘বাংলাদেশ হাউসে’ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এমন একটি অনিবার্য পরিস্থিতির জন্য কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language