বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে, প্রথমটি সকাল ৭টায়

ঢাকা, ১৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন এবং চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী দায়িত্ব পালন করবেন।
পঞ্চম এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। কোনো কারণে নির্ধারিত ইমামদের কেউ উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ এম/ ১৮ মার্চ ২০২৬









