হরমুজ প্রণালি সচল রাখতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুক্ত হতে পারে আরব আমিরাত

তেহরান, ১৮ মার্চ – তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে ওয়াশিংটনের নেতৃত্বাধীন উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত অংশ নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনোয়ার গারগাশ জানান বাণিজ্য ও জ্বালানি প্রবাহ নিরবচ্ছিন্ন রাখার দায়িত্ব সবার। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা চূড়ান্ত হয়নি তবে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন ইরানের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি উত্তেজনা শেষ হওয়ার পর এমন একটি কার্যকর ব্যবস্থা প্রয়োজন হবে যাতে তেহরান তার পারমাণবিক অস্ত্র ও ড্রোন কর্মসূচি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। এর আগে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালি সচল করার জোটে মিত্রদের রাজি করানোর ক্ষেত্রে ম্যাক্রোঁর অবস্থানকে তিনি দশের মধ্যে আট নম্বর দিয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ করতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এস এম/ ১৮ মার্চ ২০২৬









