জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, বায়তুল মোকাররমে ৫টি

ঢাকা, ১৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত এবার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারী। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় শুরু হয়ে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামের দায়িত্ব পালন করবেন। যেকোনো জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম উপস্থিত থাকবেন।
এস এম/ ১৮ মার্চ ২০২৬








