উত্তর আমেরিকা
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অবৈধ: মার্কিন দূতাবাস

ওয়াশিংটন, ১৮ মার্চ – বি১ বা বি২ ভিজিটর ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া কিংবা কোনো ধরনের কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত একটি বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা বার্থ ট্যুরিজম এই ভিজিটর ভিসায় কোনোভাবেই অনুমোদিত নয়।
পাশাপাশি এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা বা কাজের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে পারিশ্রমিক বা বেতনের বিনিময়ে কাজ করার কোনো সুযোগ নেই। এছাড়া কোনো ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের উদ্দেশ্যে পড়াশোনা করাও এই ভিসার আওতায় বৈধ নয়।
এস এম/ ১৮ মার্চ ২০২৬








