বলিউড

কুরুচিপূর্ণ গানের জেরে বলিউডের কড়া সমালোচনা করলেন কঙ্গনা

মুম্বাই, ১৮ মার্চ – বলিউডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান। এই গানটিকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মধ্যে এবার মুখ খুলেছেন অভিনেত্রী এবং ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তিনি পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে সরাসরি আক্রমণ করেছেন। সম্প্রতি ‘সরসে নিন্না সেরাগা সরসে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়, যার হিন্দি সংস্করণ ‘সরকে চুনর তেরি সরকে’। এই গানে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। মুক্তির পরপরই গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দর্শকদের একটি বড় অংশের অভিযোগ, গানের কথা ও দৃশ্যপট অত্যন্ত অশ্লীল এবং যৌন ইঙ্গিতপূর্ণ।

এ প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, অশ্লীলতা এবং মানুষের নজর কাড়ার প্রতিযোগিতায় বলিউড সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, গোটা দেশ এর নিন্দা করলেও সংশ্লিষ্টদের কোনো লজ্জা নেই। শুধু সমালোচনা করেই তিনি থেমে থাকেননি, বরং কঠোর অবস্থানও ব্যক্ত করেছেন। কঙ্গনা দাবি করেন, এই ধরনের কনটেন্টের ওপর কড়া নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি। বলিউডে কঠোর নিয়মকানুন থাকা উচিত বলে তিনি মনে করেন। ইউটিউবে গানটি প্রকাশের পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই এটিকে কুরুচিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।

সমালোচনার মাত্রা বেড়ে গেলে শেষ পর্যন্ত নির্মাতারা গানটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিতে বাধ্য হন। এছাড়া বিষয়টি সরকারি পর্যায় পর্যন্ত গড়িয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। গানে ব্যবহৃত ভাষা ও উপস্থাপন রীতিকে আপত্তিকর বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রেম পরিচালিত ‘কেডি: দ্য ডেভিল’ মূলত একটি কন্নড় পিরিয়ড ড্রামা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সরজা এবং সঞ্জয় দত্ত। একটি গানকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক এখন বলিউডের কনটেন্ট এবং এর নৈতিক সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন জাগিয়ে তুলেছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language