জাতীয়

জুলাই সনদের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস

ঠাকুরগাঁও, ১৭ মার্চ – জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ক্ষমতায় আসার পর জনগণের বিশাল ম্যান্ডেট ও গণভোটের চাওয়া ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। তিনি বলেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের চাওয়া।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত এক কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, দেশের সত্তর ভাগ মানুষ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই ম্যান্ডেট উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি হুঁশিয়ারি দেন যে, মুক্তিকামী জনতা আর কাউকে ক্ষমতা কুক্ষিগত করতে বা স্বৈরাচার হতে দেবে না। প্রয়োজনে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে নারী নির্যাতন ও হত্যার মতো অপরাধ বাড়লেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে দেশের শান্তি ও অগ্রগতি চরমভাবে ব্যাহত হচ্ছে।

এছাড়া জেলা পরিষদ ও কর্পোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি জানান, পরাজিত ও দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। এটিকে লুটপাটের নতুন ক্ষেত্র হিসেবে তৈরি করা হচ্ছে উল্লেখ করে সারজিস আলম বলেন, প্রশাসক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। অতীতে যেমন কোনো স্বৈরাচার দেশে স্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না বলে তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language