আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির চিকিৎসা চলছে মস্কোয়

তেহরান, ১৭ মার্চ – মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় আহত হয়েছেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল জারিদার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে উন্নত চিকিৎসার জন্য মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। এরপর ওই দিনই রাশিয়ার একটি বিশেষ সামরিক বিমানে করে তাকে মস্কো নেওয়া হয়।
বিষয়টি নিয়ে ক্রেমলিনের সঙ্গে আল জারিদা ও রুশ সংবাদমাধ্যম তাস যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। পুতিনের প্রেস সেক্রেটারি তাসকে জানিয়েছেন যে এ ধরনের প্রতিবেদনে তারা সাধারণত কোনো মন্তব্য করেন না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ভয়াবহ হামলায় তার স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রীও প্রাণ হারান। এরপর মোজতবাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় ইরান।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রের বরাতে জানা যায়, মোজতবার পায়ে আঘাত লেগেছে এবং তা কোনোভাবেই প্রাণঘাতী নয়।
আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া ও ইরান দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ২০২৪ সালে দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, যার প্রতিফলন এই চিকিৎসা সহায়তায় স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনএন/ ১৭ মার্চ ২০২৬









