মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সাইবার কেন্দ্র ও অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

তেল আবিব, ১৭ মার্চ – ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এই অভিযান চালানো হয়।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে সফলভাবে আঘাত হানা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে মূল লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে ইরানের সামরিক বাহিনী।

বিবৃতিতে দাবি করা হয় যে ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্রটি সামরিক বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করে থাকে। একই সাথে ইরানের জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের অভিযোগও আনা হয়েছে।

অন্যদিকে রাফায়েল অস্ত্র নির্মাণ ভবনটিতে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নানা ধরনের বিধ্বংসী প্রযুক্তি তৈরি করা হয়। পাশাপাশি এটি ইসরায়েলি ড্রোনের কেন্দ্রগুলোকেও সুসজ্জিত করে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইরান।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language