মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

তেহরান, ১৭ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন ও ইসরায়েলি হামলায় তার বাবার মৃত্যুর পর দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করে। দায়িত্ব গ্রহণের পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান ব্যক্ত করেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা মোজতবা খামেনির প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য প্রকাশ করেছে।

আইআরজিসি জোর দিয়ে জানিয়েছে যে তারা যেকোনো আদেশ মেনে চলতে এবং তা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে।

এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে তাকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ এবং বিচক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

তারা আরও উল্লেখ করেছে যে মোজতবা খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে অ্যাসেম্বলি অব এক্সপার্টস গভীর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language