নারীদের ঘরের কাজের মূল্য হিসাব করলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

ঢাকা, ১৬ মার্চ – দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের সঠিক মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।তিনি বলেন, নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্যে হিসাব করা হতো, তবে বাংলাদেশের জিডিপি বর্তমানের চেয়ে অন্তত তিনগুণ বেশি হতো।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে সিইসি বলেন, ভোটের পর আসা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা গেছে অভিযুক্তরা সবাই পুরুষ প্রিজাইডিং অফিসার। এখন পর্যন্ত কোনো নারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
নারীদের ভোটার করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাফল্যের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে সেই ব্যবধান এখন ১০ লাখে নেমে এসেছে।
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে নারীরা রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোটার রেজিস্ট্রেশন করেছেন যা সত্যিই অভাবনীয়।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলেও শেষে কিছু রাজনৈতিক আপত্তি ওঠা আমাদের দেশের একটি সাধারণ বিষয়। তবে মাঠ পর্যায়ে কোনো ভোটার ভোট দিতে পারেননি এমন অভিযোগ পাওয়া যায়নি।
দেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও রেমিট্যান্স খাতে নারীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে সিইসি জানান, বাংলাদেশের অর্থনীতি মূলত নারীদের ওপরই দাঁড়িয়ে আছে। তাই কোনোভাবেই তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।
এনএন/ ১৬ মার্চ ২০২৬









