ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল, প্রকাশ হলো সূচি

ঢাকা, ১৬ মার্চ – প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। এবারের সফরে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কান নারীরা।

সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে সফরকারী দলটি। সেদিনই তারা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ এপ্রিল।

ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল দুই দল সিলেটে পৌঁছাবে। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ।

সিরিজের বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল এবং ২ মে। এই ফরম্যাটের সব কটি ম্যাচই ফ্লাডলাইটের নিচে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে।

সম্পূর্ণ সফর শেষ করে আগামী ৩ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা নারী দল।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language