মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলেও দেশে তেল ও বিদ্যুতের দাম বাড়বে না: পর্যটন প্রতিমন্ত্রী

জামালপুর, ১৬ মার্চ – মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেল ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন দেশের সাধারণ মানুষ কৃষক এবং মধ্যবিত্তদের কষ্টের কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে দাম বাড়লেও স্বস্তি নিশ্চিতে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
প্রবাসীদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন যুদ্ধের কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তা বৃদ্ধির জন্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আন্তমন্ত্রণালয় কাজ শুরু করেছে। ইতিমধ্যে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে সৌদি আরবের রিয়াদ দাম্মাম জেদ্দা এবং সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চালু করা হয়েছে। প্রবাসীদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান দুর্ভাগ্যজনকভাবে মিসাইল হামলায় নিহত চার বাংলাদেশির মরদেহ দেশে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যারা পরিস্থিতি বিবেচনায় বিদেশে যেতে পারেননি তাদের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১২ কিলোমিটার দীর্ঘ কাটাখালি খালের খননকাজ শুরু হয়েছে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন সুলতান মাহমুদ বাবু এবং মোস্তাফিজুর রহমান বাবুল। একই দিন বিকেলে মাদারগঞ্জ উপজেলায় পলিশা থেকে দুধিয়াগাছা পর্যন্ত ৫ কিলোমিটার খালের খননকাজেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এস এম/ ১৬ মার্চ ২০২৬









