বিনোদন

ঈদের আনন্দ দ্বিগুণ করতে বিশেষ চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’

ঢাকা, ১৬ মার্চ – প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের আনন্দকে আরও রঙিন করে তুলতে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। বহুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্বটি ধারণ করা হয়েছে রাজধানী ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত একটি নান্দনিক মঞ্চে। উল্লেখ্য ১৯৯৯ সালে মিরপুর ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সের উন্মুক্ত স্থানে প্রথম ঈদের ইত্যাদি ধারণ করা হয়েছিল। পরবর্তীতে মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানটি ধারণ করার রেওয়াজ তৈরি হয়। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির সূচনা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ও মন রমজানের ঐ রোজার শেষে গানটি দিয়ে।

তিন দশকের বেশি সময় ধরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এই গানটি পরিবেশিত হয়ে আসছে। এবারের আয়োজনে গানটিতে অংশ নিয়েছেন ঘরহারা প্রবীণ নাগরিক ও এতিম শিশুরা। তাদের সঙ্গে সাধারণ দর্শকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এবারের ঈদের বিশেষ ইত্যাদির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি দেশাত্মবোধক গান। প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং মূল সুর করেছেন আলী আকবর রুপু। সংগীত পরিচালনায় ছিলেন উজ্জ্বল সিনহা এবং কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ একটি ব্যতিক্রমধর্মী গান পরিবেশন করেছেন। গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। অনুষ্ঠানের আরেকটি বিশেষ চমক হিসেবে থাকছে দুই ভুবনের দুই তারকার দ্বৈত সংগীত। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী এবং সংগীতশিল্পী ইমরান মাহমুদুল একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্য দিয়ে গায়িকা হিসেবে শবনম বুবলীর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। গানটি লিখেছেন কবির বকুল। এছাড়া নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ঈদের ইত্যাদির অত্যন্ত জনপ্রিয় অংশ মিউজিক্যাল ড্রামাতেও এবার নতুনত্ব আনা হয়েছে।

ঈদ কেনাকাটা ও সামাজিক বাস্তবতার নানা বিষয় নিয়ে তৈরি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। অন্য একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। দর্শক পর্বেও রয়েছে দারুণ চমক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নেবেন। ফাগুন অডিও ভিশনের নির্মাণে অনুষ্ঠানটির শিল্পনির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম। কেয়া কসমেটিকস লিমিটেডের স্পন্সরে নির্মিত ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language