ইরানের ৩ শহরে একযোগে ইসরায়েলি বিমান হামলার দাবি

তেহরান, ১৬ মার্চ – ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ শহরে একযোগে ব্যাপক আকারের বিমান হামলা চালানোর দাবি করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা ঘোষণা করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই বিস্তৃত পরিসরের হামলা চালানো হচ্ছে।
যেসব শহরে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে ইরানের রাজধানী তেহরান, দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর শিরাজ এবং উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজ। তেহরান দেশের উত্তরাংশে অবস্থিত।
অন্যদিকে তাবরিজ শহরটি তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং এটি ইরানের চতুর্থ বৃহত্তম শহর।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে একে একটি বড় ধরনের সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হলেও হামলায় ঠিক কী ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এ এম/ ১৬ মার্চ ২০২৬









