হলিউড

অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, সেরা অভিনেতা মাইকেল জর্ডান

ওয়াশিংটন, ১৬ মার্চ – যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ক্ষমতার কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপকভাবে আলোচিত ছিল। টমাস পিনচনের ১৯৯০ সালে প্রকাশিত উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি ও শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয়গুলো বিনোদনের আবহে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। এই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সব মিলিয়ে এবারের অস্কারে সর্বোচ্চ ছয়টি পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

সেরা নির্মাতার পুরস্কার হাতে নিয়ে কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি। এর মধ্য দিয়ে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা প্রথম আইরিশ তারকা হলেন জেসি বাকলি। পুরস্কার গ্রহণের সময় তিনি নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেরা অভিনেতার পুরস্কারে বড় চমক হিসেবে টিমোথি শ্যালামে ও লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন মাইকেল বি জর্ডান। রায়ান কুগলারের হরর সিনেমা ‘সিনার্স’ এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

পুরস্কার গ্রহণের সময় তিনি পূর্বসূরি কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে নরওয়ের সিনেমা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হরর সিনেমা ‘ওয়েপনস’ খ্যাত অ্যামি মুলিগান। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় কর্নেল স্টিভেন জে লকজ চরিত্রে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় অস্কার হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এ ছাড়া নেটফ্লিক্সের মিউজিক্যাল সিনেমা ‘কে পপ ডেমন হান্টার্স’ সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে এবং এর গান ‘গোল্ডেন’ জিতেছে সেরা গানের পুরস্কার। বরাবরের মতো এবারও অস্কারের মঞ্চে রাজনীতির ছোঁয়া পরিলক্ষিত হয়। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম যুদ্ধবিরোধী বক্তব্য দেন এবং ফিলিস্তিনের মুক্তি কামনা করেন। তার এই বক্তব্যের পর উপস্থিত দর্শকরা জোরালো করতালির মাধ্যমে সমর্থন জানান।

এস এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language