মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলার চেষ্টা, ২৫০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

মস্কো, ১৬ মার্চ – রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা প্রায় ২৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত অন্তত এক বছরের মধ্যে মস্কোর ওপর এটিই ছিল সবচেয়ে বড় ড্রোন হামলার চেষ্টা।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, গত দুই দিনে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো এবং এর দ্বিতীয় প্রতিরক্ষা রেখার দিকে সরাসরি অগ্রসর হওয়া প্রায় ২৫০টি শত্রু ড্রোন বা ইউএভি সফলভাবে ধ্বংস করেছে।
বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংঘাত চলছে। একদিকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত আর্টিলারি ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ইউক্রেনও নিজেদের নাশকতাকারী দল ও ড্রোনের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা আক্রমণ চালাচ্ছে। এর আগে এ ধরনের হামলায় একাধিক রুশ জেনারেল নিহত হওয়ার পাশাপাশি রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং তেলের পাইপলাইন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক এই ড্রোন হামলার জেরে গত সপ্তাহান্তে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিশাল সংখ্যক ড্রোন সফলভাবে ধ্বংস করার জন্য রুশ সশস্ত্র বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মেয়র সোবিয়ানিন।
প্রায় দুই কোটি ২০ লাখ মানুষের আবাসস্থল মস্কো এবং এর আশপাশের অঞ্চলে হওয়া এই হামলার চেষ্টার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ এম/ ১৬ মার্চ ২০২৬









