পাবনা

শেকড় ভুলে গেলে তা উপড়ে ফেলতে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাবনা, ১৬ মার্চ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, যারা নিজেদের শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতেই বারবার ৫ আগস্ট ফিরে আসে।

সোমবার দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ায় পদ্মকোল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, অনেকেই প্রশ্ন করেন কেন তারা মাঠে ঘাটে গিয়ে খাল খনন করছেন। এর উত্তরে তিনি বলেন, নিজেদের শেকড় ভুলে গেলে চলবে না এবং যারা শেকড় ভুলে যায় তাদের উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বারবার ফিরে আসবে।

উন্নয়নের জন্য কেবল সদিচ্ছাই যথেষ্ট বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের সদিচ্ছা ছিল বলেই গঠনের এক সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব হয়েছে। একই কারণে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার করে সেচ কাজ পরিচালনা এবং প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনের সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর শাহেদ মোস্তফা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language