ফুটবল

বেকহামের রেকর্ড ভেঙে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে নতুন চূড়ায় ফার্নান্দেজ

ম্যানচেস্টার, ১৬ মার্চ – অ্যাস্টন ভিলার বিপক্ষে গতরাতের ম্যাচে দুটি অ্যাসিস্ট করে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন দলটির অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এই দুই অ্যাসিস্টের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে ক্লাবটির হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

এতদিন এই অনন্য রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামের দখলে। ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের নেওয়া কর্নার কিক থেকে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। পরবর্তীতে তার একটি নিখুঁত থ্রু পাস থেকে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন ম্যাথিউস কুনহা।

এই দুই অ্যাসিস্টের ফলে চলতি মৌসুমে ফার্নান্দেজের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে। এর মধ্য দিয়ে তিনি ডেভিড বেকহামের ১৯৯৯ থেকে ২০০০ মৌসুমে গড়া ১৫টি অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। চলতি মৌসুমে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় পর্তুগিজ এই মিডফিল্ডারের সামনে অ্যাসিস্টের সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে।

এই রেকর্ড গড়ার পর ফার্নান্দেজ তার অনুভূতি প্রকাশ করে বলেন যে সতীর্থদের সহায়তা করতে পেরেই তিনি সবচেয়ে বেশি গর্বিত। তিনি আরও জানান সতীর্থদের আনন্দ দিতে পারাটা তার নিজের জন্যও অত্যন্ত আনন্দের এবং মাঠে নিজের পজিশন থেকে সতীর্থদের গোল করতে সাহায্য করতে পেরে তিনি দারুণ খুশি। এটিকে নিজের জন্য বড় একটি অর্জন হিসেবে উল্লেখ করে তিনি জানান মৌসুম শেষে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই সেটি হবে তার জন্য সবচেয়ে বড় সাফল্য।

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকও তার অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন। ক্যারিকের মতে গোল করা বা সতীর্থদের গুরুত্বপূর্ণ পাস দেওয়া সব ক্ষেত্রেই ব্রুনো দলের জন্য সবসময় সামনে থেকে নেতৃত্ব দেন। অনুশীলন থেকে শুরু করে মূল ম্যাচ সব জায়গাতেই তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন। প্রিমিয়ার লিগে ছয় বছরের কিছু বেশি সময় ধরে খেলে ফার্নান্দেজ ইতোমধ্যে ৬৭টি অ্যাসিস্ট করেছেন।

গোল করা এবং করানো উভয় ক্ষেত্রেই তিনি ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠেছেন। অ্যাস্টন ভিলার বিপক্ষে এই জয়ের ফলে ক্যারিকের অধীনে টানা পঞ্চম হোম জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে রেড ডেভিলরা।

অন্যদিকে চলতি মৌসুমে ফার্নান্দেজের সামনে প্রিমিয়ার লিগের আরও একটি বড় রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। বর্তমানে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড যৌথভাবে থিয়েরি অঁরি এবং কেভিন ডি ব্রুইনের দখলে রয়েছে।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের এখনও আটটি ম্যাচ বাকি থাকায় ইউনাইটেড অধিনায়কের সামনে এই ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করা বা ভেঙে দেওয়ার চমৎকার সুযোগ রয়েছে।

এ এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language