নারায়ণগঞ্জে ভুয়া পুলিশ সন্দেহে এসআই ও সোর্সকে গণপিটুনি

নারায়ণগঞ্জ, ১৫ মার্চ – নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক উপপরিদর্শক এবং তার এক সোর্সকে মারধর করেছে স্থানীয় উত্তেজিত জনতা।
রোববার বিকেল ৫টার দিকে শহরের গলাচিপা ও আলমখান লেনের মধ্যবর্তী রেললাইনের পাশে থানকাপড় মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজান তার সোর্সকে নিয়ে হোসিয়ারি কর্মচারী রমজান ও তার এক সহযোগীকে আটক করেন। এরপর তাদের একটি অটোরিকশায় তুলে হাতকড়া পরানোর চেষ্টা করা হয়। এ সময় আটক দুই যুবকের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ জড়ো হন। উপস্থিত লোকজন পরিচয় জানতে চাইলে এসআই মিজানের সঙ্গে থাকা সোর্স নিজেকে র্যাব সদস্য বলে দাবি করেন। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে।তাদের থানকাপড় মার্কেটের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের পরিচয় সম্পর্কে পরিষ্কার কিছু জানাতে ব্যর্থ হন। ভুয়া পুলিশ সন্দেহে উত্তেজিত জনতা এরপর তাদের মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের কারণে এসআই মিজানের পোশাক ছিঁড়ে যায় এবং তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী হোসিয়ারি কর্মচারী রমজান জানান, তারা কেনাকাটা করতে এসেছিলেন। বিনা কারণে তাদের ধরে হাতকড়া পরানোর চেষ্টা করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং সোর্সের অসংলগ্ন কথায় সন্দেহ হলে মারধরের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এসআই মিজানকে মারধরের বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









