ত্রিশালে আকিজ সিরামিকসের ১৮.৬৯ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন

ময়মনসিংহ, ১৫ মার্চ – ময়মনসিংহের ত্রিশালে আকিজ সিরামিকস লিমিটেডের কারখানায় ১৮.৬৯ মেগাওয়াটপিক ক্ষমতার একটি রুফটপ সোলার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইডকল এর অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি বাংলাদেশের শিল্পখাতে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেএফডব্লিউ এর পরিচালক মাইকেল সামসার হেলস্টার্ন, ইডকল এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে বশির উদ্দিন উপস্থিত ছিলেন।
মোট ১০১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই মেগা প্রকল্পে ইডকল প্রায় ৭৬ কোটি ৮৩ লাখ টাকা অর্থায়ন করেছে। সংশ্লিষ্টদের মতে প্রকল্পটি প্রতিবছর প্রায় ১৯ হাজার ৫০০ মেগাওয়াট ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। এর ফলে বছরে প্রায় ১৪ হাজার ৬২৬ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে।
প্রকল্পের মোট উৎপাদন সক্ষমতার মধ্যে ১০ মেগাওয়াটপিক বিদ্যুৎ ইতিমধ্যে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উলরিখ ক্লেপম্যান বলেন এই প্রকল্পটি জার্মানি এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী অংশীদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি জানান নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের জলবায়ু বিষয়ক কর্মসূচিকে সমর্থন করতে জার্মানি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কেএফডব্লিউ এর পরিচালক মাইকেল সামসার হেলস্টার্ন বলেন ইডকলকে প্রদান করা ৬০ মিলিয়ন ইউরোর তহবিল শিল্পখাতে কার্বন নিঃসরণ হ্রাসের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাস্তবায়নে ব্যাপক সহায়তা করছে।
ইডকল এর সিইও আলমগীর মোরসেদ জানান বেসরকারি খাতে রুফটপ সৌর বিদ্যুতের চাহিদা বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ইডকল ২০৩০ সালের মধ্যে ১ হাজার ১৫০ মেগাওয়াটপিক রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২২০ মেগাওয়াটপিক প্রকল্পে অর্থায়ন সম্পন্ন করেছে এবং আরও ২০০ মেগাওয়াটপিকের বেশি সক্ষমতার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে বশির উদ্দিন জানান এই প্রকল্পটি টেকসই উন্নয়নের প্রতি তাদের গ্রুপের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে।
ইডকলের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে আকিজ বশির গ্রুপ ইতিমধ্যে মোট ৬৭ মেগাওয়াটপিক সক্ষমতার ১১টি সৌর বিদ্যুৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিরা সৌর বিদ্যুৎ স্থাপনা ও কারখানা এলাকা ঘুরে দেখেন।
এ এম/ ১৫ মার্চ ২০২৬









