সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ, ১৫ মার্চ – সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মামুনুর রশিদ নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার ষোলমাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম এবং কোদলাদিগি গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান শনিবার সন্ধ্যায় এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে পুলিশের একটি দল নিয়ে ষোলমাইল এলাকায় আসামি ধরতে যান। সেখানে আসামিদের সাথে তর্কবিতর্ক শুরু হলে একপর্যায়ে পেছন থেকে লাঠি দিয়ে এএসআই মামুনুরের মাথায় আঘাত করা হয়।
আহত অবস্থায় তার সঙ্গে থাকা পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আঘাত গুরুতর হওয়ায় তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। এই হামলার ঘটনায় পুলিশের আরেক এএসআই দেওয়ান মো. আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় চার জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয় জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মনিরুল ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ এম/ ১৫ মার্চ ২০২৬









