গোপালগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গোপালগঞ্জ, ১৫ মার্চ – গোপালগঞ্জে বেপরোয়া গতিতে জিকজ্যাক করে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া সড়কের সিঙ্গিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হায়দার মোল্লার ছেলে সাজিদুল ইসলাম এবং একই গ্রামের মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাজিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে গুরুতর আহত আব্দুল্লাহ শেখকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় তাদের অপর এক বন্ধুও আহত হয়েছেন।
তাকে বর্তমানে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক শুকুর আলী এবং স্থানীয়রা এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় যে সাজিদুল তার অপর দুই বন্ধুকে নিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন।
রাস্তায় তারা অত্যন্ত দ্রুতগতিতে এবং বিপজ্জনকভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ এম/ ১৫ মার্চ ২০২৬






